সোমবার

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক আট

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০২

শেয়ার

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক আট
ছবি: বাংলা এডিশন

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় পলাতক এক ছাত্রলীগ নেতার অর্থায়নে মিছিলে অংশ নেওয়া আটজনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে এদিন দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকার নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফকির মোহাম্মদ এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে ফিরোজ মিয়া (২৪), নড়াইল জেলার লোহাগড়া থানার সারুলিয়া এলাকার মোঃ মাহফুজের ছেলে রিয়াদ (১৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার শিংবাড়ী এলাকার মোঃ তুহিন হাওলাদারের ছেলে সোয়াদ (১৮), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার জাওয়ার এলাকার সোহাম্মদ মেনু মিয়ার ছেলে মাসুম (১৮), গাইবান্ধা সদর থানার শিবপুর এলাকার আঃ মতিনের ছেলে জিন্নাত (১৯), ঠাকুরগাঁও সদর থানার মুজাবনী খলিশাকুড়ি এলাকার জাহিদ হাসানের ছেলে ইসমাইল হোসেন (২০), শরিয়তপুর জেলার নড়িয়া থানার আচুড়া এলাকার মোঃ হানিফ সিকদারের ছেলে তামিম সিকদার (১৮) এবং ঢাকা জেলার সাভার মডেল থানার ছোট কালিয়াকৈর খনিজনগর এলাকার মোহাম্মদ দ্বীন ইসলামের ছেলে সাকিন ইসলাম (১৮)।

পুলিশ জানায়, ঢাকা জেলা (উত্তর) সাভার পৌর ছাত্রলীগের সভাপতি পলাতক মাসুম দেওয়ানের অর্থায়নে দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখী লেনে কয়েকজন যুবক একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে ফিরোজ মিয়া শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। মিছিলে লোক সংগ্রহকারী হিসেবে কাজ করেছে রিয়াদ। বাকিরা বিভিন্ন কলেজ শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও দোকান কর্মচারী।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টাকালে আটজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



আরও পড়ুন: