রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ মোছা. জোলেখা খাতুন ওরফে কাজলী (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হল রোডের সোহরাব মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকার মো. আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির ভাড়াটিয়া জোলেখা খাতুন ওরফে কাজলীর দখলে থাকা বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জোলেখা খাতুন হেরোইনের মালিক হিসেবে দুলী আক্তার নামে আরেক নারীর নাম উল্লেখ করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুলী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। তবে দুলী আক্তার পলাতক রয়েছেন।
এ ঘটনায় জোলেখা খাতুন ও দুলী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, মামলার আসামিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার জোলেখা খাতুন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি দুলী আক্তার (২৯) একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:







