ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রবিবার সকাল ৯:৩০ মিনিটের দিকে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হেলাল মিয়া কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও হাবিবুর রহমান এর ছেলে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কসবা থানাধীন বায়েক ইউনিয়ন পরিষদের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে হেলাল মিয়া পিঠে বহন করা একটি ব্যাগ ও হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
পরে তার বহন করা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেয়া হয়েছে। পরে তাকে এবং জব্দ করা মাদকসহ আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:







