রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৯ ভাদ্র, ১৪৩৩

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গহনা, কসমেটিক্স, ওষুধ ও কীটনাশক উদ্ধার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৮

শেয়ার

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গহনা, কসমেটিক্স, ওষুধ ও কীটনাশক উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন গহনা, কসমেটিক্স, ওষুধ ও কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। এসব অভিযানে কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ভোর ৪টা ২০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার-৬১/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদার পাড়া গ্রামের হামিদুল ইসলামের কলাবাগান থেকে বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন গহনা ও কসমেটিক্স উদ্ধার করা হয়। হাবিলদার মো. মাহমুদুর রশিদের নেতৃত্বে এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

এর আগে ১২ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে মাধখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মাধখালি মাঠের পাকা রাস্তার পাশে আলমের আমবাগানের মাটির নিচের গর্ত থেকে ১ হাজার ৫৫৬ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৪৭/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার মো. আব্দুল্লাহর ঘাসখেতের পাশ থেকে ১৩৭ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানেও কোনো আসামিকে আটক করা যায়নি।

এ ছাড়া ১২ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে মাধখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদরের টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬৯/৪-এস থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধখালি মাঠের পাকা রাস্তার পাশে আলমের আমবাগানের মাটির নিচের গর্ত থেকে ৬০ বোতল ভারতীয় সিরাপ (Escuf Cough Syrup) আটক করে। নায়েব সুবেদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা পণ্যগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।