রবিবার

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঞ্ছারামপুর প্রেস ক্লাব উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সমালোচনা পাওনা টাকা না পাওয়ার কষ্টে সমকালের অফিসে সাংবাদিক পুলকের আত্মহত্যা! বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে ১৫ লাখ টাকা সহায়তা বিএনপির বঞ্চিত নেতাদের নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস হোসাইন সরকারের একটি অংশ আ.লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন কুমিল্লায় মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেয়ার দৃশ্য বলে প্রচার ডাকসুর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর প্রেস ক্লাব উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪১

শেয়ার

বাঞ্ছারামপুর প্রেস ক্লাব উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সমালোচনা
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই হত্যা চেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবদুল খালেক, বর্তমান সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও অনুষ্ঠানে দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তিতাস, বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও জুলাই হত্যা চেষ্টা মামলার আসামি আশিকুর রহমান বাবু, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুমন হায়দার, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেলিম রেজা এবং পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মেহের।

এছাড়া ফরদাবাদ ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, জুলাই-আগস্ট হত্যা মামলার আসামি এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের একাংশের সভাপতি নাসির উদ্দীন দুলালের উপস্থিতি নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে।

অনুষ্ঠানে রাজনৈতিকভাবে ভিন্নমতের নেতাকর্মীদের একসঙ্গে উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেলেন।

এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী। তিনি ফেসবুক লাইভে এসে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

লাইভে ইমান আলী বলেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্বোধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন উদ্বোধন করবেন। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি আওয়ামী লীগবিরোধী সম্মুখসারির যোদ্ধা ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, জুলাই হত্যা চেষ্টা মামলার আসামি নাসির উদ্দীন দুলাল, ফয়সাল আহমেদ খানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রেস ক্লাব উদ্বোধন করতে যাচ্ছেন।

তিনি প্রশ্ন তোলেন, প্রতিমন্ত্রী কি ফ্যাসিস্টদের অত্যাচারের কথা ভুলে গেছেন?

ইমান আলী আরও বলেন, দেশবিরোধী ও দেশদ্রোহী এমন ব্যক্তিদের বিষয়ে প্রতিমন্ত্রী যদি না জেনে থাকেন, তাহলে তাঁর জানা উচিত ছিল। আবদুর রহিম সাকী সাহেবের কর্মী পরিচয় দেওয়া শামীম শিবলী আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ইমান আলী বলেন, দুর্দিনে জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন, কিন্তু সুসময়েও আওয়ামী লীগের ক্যাডাররা ফায়দা নিচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জুলাই হত্যা চেষ্টা মামলার আসামিদের নিয়ে এভাবে কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করা হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।