শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই

মোহাম্মদ আব্দুল মুহিন,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২২

শেয়ার

হবিগঞ্জে জিরার ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের বাহুবলে জিরাবোঝাই একটি ট্রাক আটকে রেখে মালিকের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে উপজেলা ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তিতারকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বেলাল মিয়া।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে একটি ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল মহালদার ও বেলাল মিয়া সেটি আটক করেন বলে অভিযোগ ওঠে।

পরে চালকসহ ট্রাকটি বেলাল মিয়ার ফিলিং স্টেশনের পেছনে নিয়ে রাখা হয়। এরপর জিরার মালিককে ফোন করে ট্রাক ও জিরা ফেরত দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ।

বিষয়টি জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিলিং স্টেশনের পেছন থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।