নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো মো. সেলিম মওয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে শাহাদত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে দুই শিশুই পানিতে ডুবে মারা যায়।
খবর ছড়িয়ে পড়লে জাহেরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খালিয়াজুড়ী থানার এসআই মনজুরুল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
একই সঙ্গে বিদ্যালয় ও বসতবাড়ির আশপাশের ডোবা-নালা নিরাপদ রাখা এবং শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







