দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় চুয়াডাঙ্গায় ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এদিন দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আঙিনা এবং আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার।
ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান চলাকালীন নয়, নিয়মিতভাবে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর সংশ্লিষ্টরা গুরুত্বারোপ করেন। বিশেষ করে কোথাও যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:







