শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

মিরসরাইয়ে সাড়ে ১৪'শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

মিরসরাইয়ে সাড়ে ১৪'শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে ও শনিবার ভোরে বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রিপন (২)-কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর জামালপুর এলাকার বাসিন্দা। এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

রাত সাড়ে ১০টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের অলংকার হোটেলের সামনে গিয়াস উদ্দিন (৩৫)-কে তার গিয়াস স্টোর থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জের পশ্চিম জামালপুর এলাকার বাসিন্দা। পরে রাত ১১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা অভিমুখী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় আব্দুল হাসেম (৩৬)-কে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পাল্লান পাড়া এলাকার বাসিন্দা।

এ ছাড়া শনিবার ভোরে বারইয়ারহাট বাসস্ট্যান্ড ও বাজার এলাকা থেকে মুসলিম উদ্দিন জুম্মান (৩২), শহিদুর রহমান (৩৫) ও আবুল হোসেন (২৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জুম্মান ও আবুল হোসেন জোরারগঞ্জ এলাকার এবং শহিদুর রহমান করেরহাট এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।