শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪২

শেয়ার

কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
ছবি: সংগৃহীত

কুমিল্লা আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে একদল ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মিছিল ও স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিল-স্লোগান দিয়ে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং আদালত প্রাঙ্গণে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগানের মাধ্যমে জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ও বরুড়া উপজেলার আবু ইউসুফ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ও বুড়িচং উপজেলার আব্দুল আলিম, বঙ্গবন্ধু আইনজীবী ঐক্য পরিষদের সদস্য ও রেসকোর্স এলাকার নসরুল হাসান অপু, কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক আছিয়া মেহজাবিন খান নিশু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বুড়িচং উপজেলার শাহ আলম এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ও বরুড়া উপজেলার জালাল আহমেদ সাজু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলার মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, বুড়িচংয়ের শিকারপুর গ্রামের মেজবাহ উদ্দিন জনি ও সাইফুল ইসলাম সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রেজাউল করিম শাওন, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা সানি খন্দকার, নগরীর মনোহরপুর এলাকার তারেক, কুচাইতলি গোল্ডেন সিটি এলাকার রাজন, কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান লিটন, বুড়িচং উপজেলার নিমসার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল এবং নিমসার কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মামলায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তে কেউ ঘটনার সঙ্গে জড়িত না থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হবে।