শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

বালির নিচে ভারতীয় শাড়ি-কসমেটিকস, পৃথক অভিযানে এক কোটি ছয় লাখ টাকার পণ্য জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪১

শেয়ার

বালির নিচে ভারতীয় শাড়ি-কসমেটিকস, পৃথক অভিযানে এক কোটি ছয় লাখ টাকার পণ্য জব্দ
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে পৃথক অভিযানে ট্রাকে বালির নিচে লুকিয়ে পরিবহন করা ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ মদ ও গাঁজা জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকে বহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে, সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে আরও ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চোরাচালান প্রতিরোধে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাহিনীটি।



আরও পড়ুন: