স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, রোগীদের সেবার পরিবেশ ও সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
সভায় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক আচরণ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের প্রত্যাশা পূরণে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো সম্ভব।মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি রোগীদের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন:







