ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী (১৪ সেপ্টেম্বর ২০২৬) নবীনবরণ উপলক্ষে আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি গভীরভাবে জড়িত বলেও স্মারকলিপিতে দাবি করা হয়।
কওমী ছাত্র ঐক্য পরিষদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় মানুষের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন।
স্মারকলিপিতে আরও বলা হয়, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এ ধরনের আয়োজনকে ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
এ সময় স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরা হয়। ওই বক্তব্যের পরও ব্রাহ্মণবাড়িয়ার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেয়া নিয়ে প্রশ্ন তুলেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।
সংগঠনটি মনে করে, স্থানীয় ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ মানুষের অনুভূতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বরের কনসার্টটি স্থগিত করা প্রয়োজন।
স্মারকলিপিতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর কাছে এ বিষয়ে কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
তবে কনসার্ট আয়োজনের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
আরও পড়ুন:







