বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিফাতের বাবা কামরুজ্জামান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি তাকে একটি মোবাইল নম্বর লেখা কাগজ দেন এবং নম্বরটি তুলে দিতে বলেন। সিফাত বিষয়টি বুঝতে না পেরে নম্বরটি তুলতে গেলে কৌশলে তাকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ইজিবাইকে তুলে নেয়ার পর তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে বাসায় ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, আমার ছেলে সিফাত নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মেঘাহাটের মাতারামহাট এলাকায় একটি কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে তার বাবা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মোঃ কামরুজ্জামান।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







