শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

নিজ স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আর বাসায় ফেরেননি তমেজুল,সকালে মরদেহ উদ্ধার

আব্দুল হাই,জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪২

শেয়ার

নিজ স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আর বাসায় ফেরেননি তমেজুল,সকালে মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে বাড়ি ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি মো. তমেজুল ইসলাম নামের এক ব্যক্তি সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তমেজুল আটুল চারমাথা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে যান তমেজুল। স্ত্রীকে সেখানে রেখে রাতে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু আর বাসায় ফিরে যাননি তমেজুল।শনিবার সকালে স্থানীয় কৃষকরা আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিখোঁজ রয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।