শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজল সিলেট, পাঁচ ঘণ্টায় ১৪২ মিলিমিটার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৩

শেয়ার

তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজল সিলেট, পাঁচ ঘণ্টায় ১৪২ মিলিমিটার পানি
ছবি: সংগৃহীত

সিলেটে তীব্র গরমের পর নেমে এল স্বস্তির বৃষ্টির। শুক্রবার রাত ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে।

এদিকে বৃষ্টিতে স্বস্তি ফেরার পাশাপাশি বিভিন্ন সড়ক-এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়। তবে বৃষ্টি থামার পরপরই পানি নেমে গেছে বলে জানা গেছে।

গত কয়েকদিনের তীব্র গরমে ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা ছিল। অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। গরমের তীব্রতায় দিনের বেলা বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষকে তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।

শুক্রবার সিলেটে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপরই রাত ১টা থেকে সিলেটের বিভিন্ন এলাকায় অতিভারী বর্ষণ শুরু হয়। শনিবার সকাল থেকেও বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সে হিসাবে বৃষ্টি শুরুর প্রথম পাঁচ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।