চাকরির সুযোগ খুঁজতে যশোরে হাজারো চাকরিপ্রার্থীর ভিড়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ আয়োজিত দিনব্যাপী ‘এনজিও চাকরি মেলা-২০২৬’ এ শনিবার সকাল থেকেই যশোর পিটিআই চত্বরে উপচে পড়া ভিড় দেখা গেছে।
সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএ’র নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, আরআরএফ’র প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মেরিনা আক্তার এবং আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী শামসুল আলম প্রমুখ।
আয়োজকরা জানান, মেলায় দেশের স্বনামধন্য ৩৬টি মাইক্রোক্রেডিট এনজিও স্টল দিয়েছে। চাকরিপ্রার্থীরা সরাসরি পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন। বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক নিয়োগপত্র দেয়া হচ্ছে। বাকিদের পরবর্তীতে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
মেলায় প্রায় ৫০০ জন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের দাবি, মেলায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন।
এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন বলেন, “এ ধরনের মেলা তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। ক্ষুদ্রঋণ খাতে দক্ষ জনবল তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
আরও পড়ুন:







