কুমিল্লায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন আক্রান্ত হয়েছেন দাউদকান্দি উপজেলায়।
শুক্রবার কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৬৮ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে দাউদকান্দিতে ১৬ জন। এছাড়া বরুড়ায় ২ জন এবং দেবিদ্বার, আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও তিতাস উপজেলায় একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় সর্বমোট ২ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ১ হাজার ২৬২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:







