ট্রাফিক আইনে অটোরিকশাচালকদের আড়াই হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রতিবাদে ঝালকাঠি শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক ও শ্রমিকেরা। শুক্রবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ অবরোধের কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ শুরু করেন অটোরিকশাচালকেরা। অটো শ্রমিক দলের সভাপতি আলম হোসেনের নেতৃত্বে চালক ও শ্রমিকেরা এতে অংশ নেন।
জরিমানা কমানোর দাবি
বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাফিক বিভাগের দায়ের করা মামলায় অটোরিকশাচালকদের আড়াই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। স্বল্প আয়ের চালকদের জন্য এ পরিমাণ জরিমানা পরিশোধ করা কঠিন। তাই জরিমানার পরিমাণ কমানোসহ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানান তাঁরা।
অবরোধের কারণে ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে গন্তব্যে যেতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
তবে ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বলেন, সরকার নির্ধারিত আইন ও জরিমানার বিধান অনুযায়ীই মামলা করা হচ্ছে। কোনো চালককে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে জরিমানা করা হচ্ছে না।
পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর। তিনি অটোরিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ শোনেন। এ সময় তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
পরে পুলিশের আশ্বাসে অটোরিকশাচালক ও শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন:







