ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মোরাশেদা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারস্থ জুয়েল ইলেকট্রনিকস নামীয় ওয়ালটন শোরুমের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মোরাশেদাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোরাশেদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কসবা পৌরসভার ফুলতুলি তেতুইয়া মাঠের পশ্চিমে কুতুব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও পরিবহন বন্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







