নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর আরমান ইসলাম এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে তিস্তা নদীর ভাটিতে ঢোলপাড়া এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকার হালিম ইসলামের ছেলে।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে দোহলপাড়া এলাকায় কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। অন্যরা নদী থেকে উঠে এলেও তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তিস্তা নদীতে তল্লাশি চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নদীর ভাটির দিকে চলে যান আরমান। শুক্রবার ভাটির ঢোলপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজ যুবকের মরদেহ তিস্তা নদীর ঢোলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ সুপার অনুমতিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন:







