রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭

শেয়ার

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে
ছবি সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

আগে সর্বোচ্চ ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন

এর আগে গত ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুটে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল। পরে পরিস্থিতি অনুযায়ী গেটগুলো পর্যায়ক্রমে ৩ ফুট পর্যন্ত খোলা হয়। এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়।

পানি কমে যাওয়ায় তখন গেটগুলো বন্ধ করে দেওয়া হলেও সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি ফের বাড়তে থাকায় শুক্রবার সকালে আবার গেটগুলো খোলা হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লেকের বর্তমান পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে এগুলো বন্ধ করা হবে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য দুর্যোগ এড়াতেই কর্তৃপক্ষ এই আগাম সতর্কতা অবলম্বন করছে।