রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

দুই বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৫

শেয়ার

দুই বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
ছবি সংগৃহীত

দুই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। তাঁদের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তাঁরা ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। পরে দেশটির পুলিশের হাতে আটক হন তাঁরা।

বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাঁদের তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় হয়।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা দেশে ফিরে এসেছেন।

ফেরত আসা এসব বাংলাদেশির বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাঁদের নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেবে।