শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

র‍্যাব-বিজিবির অভিযানে সরাইলে এক কোটি টাকার জিরা জব্দ; আটক তিন

আতিকুল ইসলাম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২২

শেয়ার

র‍্যাব-বিজিবির অভিযানে সরাইলে এক কোটি টাকার জিরা জব্দ; আটক তিন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ট্রাক থেকে চোরাচালানের ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ দল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার লক্ষীপুর এলাকার মৃত সুফি মিয়ার ছেলে এম ফয়সাল আবির (৩৩), রাজশাহীর এয়ারপোর্ট থানার বাঘাটা এলাকার হারুনের ছেলে মো. হাবিব (৩২) এবং একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে আজিজুল হাকিম (২৫)।

র‍্যাব-৯ জানায়, র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও ২৫ বিজিবি সরাইলের একটি যৌথ আভিযানিক দল সরাইলের কুট্টা মোড়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকে করে চোরাচালানের মালামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে নেওয়া হচ্ছে।

সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে সড়কে চেকপোস্ট স্থাপন করে যৌথ দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাক থেকে তিন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা জিরা থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে ৩৩৪টি বস্তার ভেতর থেকে মোট ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে ভারত থেকে এসব পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজন ও জব্দ করা জিরা এবং ট্রাক সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।