শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৩৩৬

রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৮

শেয়ার

কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৩৩৬
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর কুমিল্লা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের পর ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের আওতায় বিভিন্ন বিষয়ের মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

পুনঃনিরীক্ষণের পর ফলাফলে পরিবর্তন আসা ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর মধ্যে ৩৩৬ জন আগের ফলাফলে অকৃতকার্য ছিলেন। পুনঃনিরীক্ষণের পর তারা উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ২০৭ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যদিকে ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১১ থেকে ১৭ আগস্ট এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

ফল প্রকাশের মধ্য দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হয়েছে। যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তারা সংশোধিত ফলাফলের ভিত্তিতে পরবর্তী শিক্ষা জীবনের কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন।