শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, মিরসরাইয়ে ব্যবসায়ী উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, মিরসরাইয়ে ব্যবসায়ী উদ্ধার
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নগরী থেকে অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ব্যবসায়িক লেনদেনের ৪ লাখ ৬৯ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে গত ৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকা থেকে হেলাল উদ্দিনকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র।

পরদিন তার স্ত্রীকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পাঁচলাইশ থানায় মামলা করেন।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের মহামায়া লেকের ভেতরে বন বিভাগের একটি পরিত্যক্ত কটেজে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার করা হয় এবং চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে চক্রের মূলহোতা আবুল হাশেম এক লাখ টাকার বিনিময়ে অন্যদের ভাড়া করে ব্যবসায়ী হেলাল উদ্দিনকে অপহরণ করান।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।