শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেলুনে চুল কাটার আড়ালে অনলাইন জুয়া: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুই

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সেলুনে চুল কাটার আড়ালে অনলাইন জুয়া: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার রাতে জেলার সদর উপজেলার গোকর্ণঘাট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট দক্ষিণপাড়ার হোসেন মিয়ার ছেলে মো. জয় এবং একই এলাকার মো. বার মিয়ার ছেলে মো. সালাম মিয়া।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, বুধবার রাতে র‍্যাবের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পৌরসভার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকায় একটি ডিজিটাল হেয়ার কাটিং সেলুনের ভেতরে কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছে।

সংবাদের ভিত্তিতে রাতে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও দুইজনকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেন। পরে তাদের হেফাজতে থাকা একটি স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন র‍্যাবকে জানায়, তারা মোবাইল ফোনে R777 অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলতেন।

র‍্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।