শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

মেঘনার তীরে ঘুরতে গিয়ে নিখোঁজ দুই বন্ধু

শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৩

শেয়ার

মেঘনার তীরে ঘুরতে গিয়ে নিখোঁজ দুই বন্ধু
ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গরীবের দুবাই নামে খ্যাত মেঘনা নদীর তীরে বন্ধুদের আড্ডার সময় আকস্মিক জিওব্যাগ ধ্বসে নদীতে তলিয়ে গেছেন দুই যুবক।

বুধবার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ‘গরীবের দুবাই’ বালু মাঠ সংলগ্ন নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।

​নিখোঁজ দুই যুবক —ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে আমজাদ হোসেন এবং শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে রাকিব আহমেদ।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীর সংরক্ষণে ব্যবহৃত জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় হঠাৎ করে জিওব্যাগ ধ্বসে পড়লে পাঁচজনই নদীতে পড়ে যান। সাথে থাকা ফাহিম, আব্দুল্লাহ ও সাগর তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজদের দ্রুত উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

​এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে ভিড় জমান। তীরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

​ভোলা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও ডুবুরি দলের সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার কার্য ব্যাহত হচ্চে।

তবে উদ্ধারকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা জানান, যথাযথ ইকুইপমেন্ট ও দক্ষ ডুবুরি দল যুক্ত করে পুনরায় জোড়ালো উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।