শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

নাসিরনগরে টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ: বিজয়নগর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৩

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৯

শেয়ার

নাসিরনগরে টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ: বিজয়নগর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টাকার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি আহাম্মদ আলী সোহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চন্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আহাম্মদ আলী সোহান নাসিরনগর থানার বাসিন্দা। তিনি মৃত মনু মিয়ার ছেলে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিশু নাসিরনগর থানাধীন ধরমন্ডল নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ২৭ জুলাই সকালে মক্তবে যাওয়ার প্রস্তুতিকালে শিশুটি পরিচিত এক শিশুকে ডাকতে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়ির ছাদে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি অভিযুক্তের পরিবারের এক সদস্য দেখতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানায় বলে র‍্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। মামলাটি নাসিরনগর থানার মামলা নম্বর-২৩, তারিখ ২৮ জুলাই ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহাম্মদ আলী সোহানকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।