ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধ, সমন্বিত নীতিমালা প্রণয়ন, নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশনের দাবিতে বরিশালে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাসদ নেত্রী ড. মনীষা চক্রবর্তী নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় একটি কেন্দ্রীয় ও সমন্বিত নীতিমালার আওতায় এসব যানবাহনের লাইসেন্স-রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে নয়, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা রক্ষায় নীতিমালা প্রণয়ন করতে হবে। হঠাৎ করে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করা হলে বিপুলসংখ্যক চালক ও শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। সমাবেশে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন:







