বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

ফেনীতে বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেপ্তার

রহিম আলী জাবেদ, ফেনী

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

শেয়ার

ফেনীতে বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনসহ মোট ২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৯ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

অভিযানের অংশ হিসেবে ফেনী রেলস্টেশন ও ব্রাহ্মণ পুকুরপাড় এলাকায় সরকারি কলেজের পেছনের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. শুরুর প্রকাশ কানা শুক্কুর, মো. আব্দুল মমিন ও কাউছার হোসেন আশিক। এ ঘটনায় ফেনী মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান থেকে এক প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার নিখোঁজের ঘটনায় করা মামলার তদন্তে জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই মালামালও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক স্পটসহ অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।