পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর; শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর উদ্যোগে নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার ভোর থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচজন পাখি শিকারির কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম ও ১০টি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
অভিযানকালে ২ নম্বর নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামের পাখি শিকারিরা ভবিষ্যতে বকসহ অন্যান্য পাখি শিকার করবেন না—এ মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাদের নকলা উপজেলা যুবদলের সদস্যসচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বিষয়টি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন:







