পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি গভীর নলকূপ বসানোর পর তা থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হচ্ছে। এতে দিয়াশলাই ধরাতেই জ্বলছে আগুন। প্রায় ২৫ দিন ধরে এমন অবস্থা চলায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।
জানা গেছে, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল তার বাড়িতে গভীর নলকূপ বসান। একরাত ও একদিন ধরে নলকূপ স্থাপনের কাজ চলার সময় পাশে তৈরি হয় একটি কূপ। সেখান থেকেই প্রথম গ্যাসের মতো পদার্থ নির্গত হতে দেখা যায়।
কামালের দাবি, নলকূপের ভেতর এবং ওই কূপে বুদবুদ দেখা যায়। পরে দিয়াশলাই দিয়ে পরীক্ষা করলে জ্বলে ওঠে আগুন।
প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা থাকায় বিষয়টি দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা। এমনকি ওই আগুনে রান্নাবান্না করতেও দেখা গেছে।
বিষয়টি প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে উপজেলা প্রশাসনকে জানান মোহাম্মদ কামাল। তার প্রত্যাশা, এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকলে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হোক।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো নাজমুল হাসান বলেন, নলকূপের পাশের কূপ থেকে নির্গত পদার্থটি সত্যিই প্রাকৃতিক গ্যাস কি-না, তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে এর প্রকৃত রহস্য।
আরও পড়ুন:







