দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। অফিস আদেশে আরও বলা হয়, মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ মিল্টন দস্তিদারকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে ২৩ জুলাই ২০২৬ তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।
এ অবস্থায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এছাড়াও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না। একই সঙ্গে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে অন্য কোনো পদেও যোগ দিতে পারবেন না।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হিরামণি বলেন, অনিয়ম ও দূর্নীতি কারনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদাকে কারাগারে প্রেরণ করায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সে অনুযায়ী আমরা একটি অফিস আদেশের মাধ্যমে তার সকল কার্যক্রম স্থগিত করেছি এবং তার স্থানে নতুন এক কর্মকর্তার পদায়ান ও করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
উল্লেখ্য, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলা ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:







