ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ হাজার টাকা মূল্যের চোলাই মদ জব্দ করা হয়।
মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের সেজিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) রেজাউল সমাজদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেজিয়া উত্তরপাড়ার মো. আমির হোসেনের বসতঘরের সামনের উঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৬ লিটার ও ৪ লিটারসহ মোট ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেজিয়া উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং তালশার গ্রামের মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৪৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. আমির হোসেনের বিরুদ্ধে এর আগে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আব্দুল হামিদ মন্ডলের বিরুদ্ধেও একই আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটি ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলা নম্বর-১৪। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:







