লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে চারজন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেসেরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় ৫১ বিজিবির একটি টহলদল মেসেরঘাট এলাকায় বালু উত্তোলনের মেশিন ও আনুষঙ্গিক মালামালসহ ছয়জনকে আটক করে।
আটক বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার স্থানীয় নেতা হলেন, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বুড়িমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী , ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান।
এছাড়াও দুজন আটক হয়েছেন, তারা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের কুদ্দুস আলীর ছেলে শাহাদাত হোসেন ও বসুর উদ্দীনের ছেলে দুলাল মিয়া।
এ সময় তাদের কাছ থেকে একটি ড্রেজার মেশিন, ছয় ফুটের ১০টি জাল পাইপ, একটি হোন্ডা লিভো মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, ২০ ফুটের একটি রিং পাইপ, তিনটি খালি তেলের ড্রাম, চারটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
৫১ বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:







