বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ,প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪

শেয়ার

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীনভাবে ক্ষতিকর ও নিম্নমানের সার উৎপাদনের অভিযোগে একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ সার কারখানার মালিক মো. জামালকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জামাল কোনো ধরনের অনুমোদন ছাড়াই টিএসপি, ডিএপি ও বিভিন্ন ধরনের সার নির্ধারিত নিয়ম ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে উৎপাদন এবং দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। এসব সার কৃষি ও মৎস্য খাতে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

অভিযানে আরও জানা যায়, বাজারে প্রতি বস্তা সার প্রায় ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হলেও ওই কারখানা থেকে তা মাত্র ৪৫০ টাকায় বিক্রি করা হতো। এতে কৃষক ও মৎস্যজীবীরা প্রতারিত হওয়ার পাশাপাশি নিম্নমানের সার ব্যবহারের ঝুঁকিতে পড়ছিলেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা সার (ব্যবস্থাপনা) সংশোধন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. জামালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

একই সঙ্গে অবৈধ কারখানা ও জব্দ করা মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়ার নির্দেশ দেয়া হয়।

অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র‍্যাব-১০ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।