শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

বরিশাল বিভাগীয় কমিশনারের হানা, তালাবদ্ধ ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩২

শেয়ার

বরিশাল বিভাগীয় কমিশনারের হানা, তালাবদ্ধ ভূমি অফিস
ছবি: বাংলা এডিশন

সরকারি কর্মঘণ্টা শুরু হলেও অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী। দরজায় ঝুলছে তালা। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এক দপ্তরি এসে খুললেন অফিসের দরজা। মঙ্গলবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্রই দেখতে পান বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্তসহ বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপন শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করে বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয়কে অবহিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সকাল ৯টার দিকে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। এমনকি অফিসের মূল দরজাতেও তালা ঝুলতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় একজন দপ্তরি এসে সকাল সাড়ে ৯টার দিকে তালা খুলে দেন।

পরিদর্শনের সময় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানও কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পাশের দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার। তাঁদের কাছ থেকে জানা যায়, ওই ভূমি কার্যালয়ে নিয়মিতভাবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায় না।

সরকারি নির্ধারিত কর্মঘণ্টায় একটি সরকারি কার্যালয় তালাবদ্ধ থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনাকে গুরুতর দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।

প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করবে জেলা প্রশাসন।

বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে সরকারি ভূমি অফিসের এমন চিত্র প্রকাশ্যে আসায় নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং সাধারণ সেবাপ্রার্থীদের যথাসময়ে ভূমিসেবা দেয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সরকারি দপ্তরে জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।