ফেনীতে অনলাইন বেটিং ও জুয়ায় সম্পৃক্ততার অভিযোগে বিকাশ চন্দ্র নাথ ওরফে আরিয়ান মাহমুদ ওরফে এফএক্স এডি নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম চারিপুর এলাকায় নয়ন ম্যানশনের নিচতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার বিকাশ চন্দ্র নাথ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ফেনী পৌরসভার মধ্যম চারিপুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে দুটি আইফোন, একটি গুগল পিক্সেল-৭ প্রো মোবাইল ফোন, ডাচ্-বাংলা ব্যাংকের একটি চেকবই, কম্পিউটার মনিটর, সিপিইউ, ভিডিও তৈরির সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনে থাকা ‘Binance’ অ্যাকাউন্টের বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্যের স্ক্রিনশটও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন বেটিং–সংক্রান্ত প্রচারণা চালিয়ে মানুষকে এতে যুক্ত হতে উৎসাহিত করতেন।
অভিযানে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সাদা রঙের টয়োটা এবং অপরটি লাল রঙের হোন্ডা সেডান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে অনলাইন বেটিংয়ে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন:







