শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৪৩, দাউদকান্দিতেই ২৭

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১২

শেয়ার

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৪৩, দাউদকান্দিতেই ২৭
ছবি: বাংলা এডিশন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে জেলায় মোট ৪১১ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ জন শনাক্ত হয়েছেন।

সোমবার কুমিল্লা জেলার ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দাউদকান্দিতে সর্বোচ্চ ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া বুড়িচংয়ে ৪ জন, মেঘনায় ২ জন, তিতাসে ২ জন এবং অন্যান্য কয়েকটি উপজেলায় নতুন রোগী শনাক্ত হয়েছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে

৪১১টি ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২৩ জনের পরীক্ষা করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ১ হাজার ৯৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মোট ১ হাজার ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৯৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনে এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য নেই।

কুমিল্লায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।