মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৮

শেয়ার

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী
ছবি সংগৃহীত

পাবনা শহরে ইস্কন মন্দিরে ভাঙচুর ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।

মন্দিরে প্রবেশ করে ভাঙচুরের অভিযোগ

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলার পর প্রান্থ কুমার দাস সেখানে প্রবেশ করেন। পরে তিনি মন্দিরের বিভিন্ন স্থানে ভাঙচুর শুরু করেন এবং একপর্যায়ে প্রতিমা ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় মন্দির কর্তৃপক্ষের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে মারধর করা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রান্থ কুমার দাস মানসিকভাবে অসুস্থ ছিলেন। মন্দিরে প্রবেশের পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় তিনি মন্দিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করেন বলে পুলিশ জানতে পেরেছে।

ওসি বলেন, মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখার পর পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।