মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

রেজাউল করিম,চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১২

শেয়ার

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফরিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পীরপুরকুল্লা গ্রামে বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার চাচা দুলালের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশের লাঠি দিয়ে ফরিদুলের মাথায় আঘাত করে।

লাঠির আঘাতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।