ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও ১টি বলগেট জাহাজ জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে অসাধু এই বালু উত্তোলনের সাথে জড়িত ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় ২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোলার মেঘনা নদী সীমানায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এই বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র মেঘনা নদীর নির্দিষ্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও ১টি বলগেটসহ মোট ৪০ জনকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের উপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৩৮ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটককৃত বাকি দুইজনের বয়স কম হওয়ায় ভবিষ্যতে এমন অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত ৬টি ড্রেজার ও ১টি বলগেট পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কোস্ট গার্ডের জিম্মায় রাখা হয়েছে। নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:







