শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গাইবান্ধা,প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩

শেয়ার

গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধা সদর উপজেলার শিবপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমান শেখকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান শেখ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস ছামাদ শেখের ছেলে।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট ভুক্তভোগী নারীর স্বামী সকাল ১১টার দিকে বাজারে যাওয়ার সুযোগে মিজানুর রহমান শেখ ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাকে এবং মিজানুর রহমানকে আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মামলার অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে চরিত্রহীন ও লম্পট অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

র‌্যাব-১৩ জানায়, মামলা হওয়ার পর থেকেই মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জের একটি যৌথ দল ফতুল্লা থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।