‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শপথ পাঠ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ৩টায় বাগেরহাট সদর উপজেলার কে. জে. এস. পি. ইউ. রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (JETNET-BD), অ্যাকশনএইড বাংলাদেশ ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (IRV)-এর যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নির্মল বায়ু নিশ্চিত করা, পরিবেশ দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
পরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে কদবেল, পেয়ারা, আমলকী ও চালতাসহ বিভিন্ন ফলজ গাছের চারা ছিল।
কর্মসূচির শেষ পর্যায়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবসের শপথ পাঠ করেন। এ সময় পরিবেশ রক্ষা, দূষণ কমানো এবং সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাটের সভাপতি মোল্লা নজরুল ইসলাম, সহসভাপতি মোল্লা মনিরুজ্জামান ও কার্যকরী সদস্য শেখ আব্দুল গণি উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুজিত দাস, কার্তিক চন্দ্র দাস ও সাহানারা ইয়াসমিন মুন্নি এবং ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (IRV)-এর ফিল্ড কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নির্মল বায়ু ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আরও পড়ুন:







