শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে এক লাখ টাকা জরিমানা

ইসমাইল খান,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বারবাজার এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য বারবাজারের নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে অপারেশন থিয়েটারে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। তবে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত নবজাতককে বের করতে সক্ষম হন।

প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন।

ঘটনার পর সোমবার দুপুরে ইউএনও রেজওয়ানা নাহিদ নবজাতককে দেখতে তার নানাবাড়িতে যান। পরে তিনি সংশ্লিষ্ট ক্লিনিকে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে ইউএনও জানান, প্রসূতির মৃত্যুর ঘটনায় পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি ক্লিনিক মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, নবজাতকের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, দুধসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেয়া হয়েছে।

প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ ও ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্যসহ বিষয়টি আরও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।