পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে (৬০) প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চণ্ডিপাশা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
বাজার থেকে ফেরার পথে গুলি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা গ্রামের আহম্মদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যার সন্দেহ
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহত আদম আলী নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তমা খাতুন হত্যা মামলায় ছিলেন প্রধান আসামি
পুলিশ জানায়, নিহত আদম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা গ্রামের তমা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:







