সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

পুশ ইনের চেষ্টা ঠেকাল বিজিবি ও সীমান্তের গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০

শেয়ার

পুশ ইনের চেষ্টা ঠেকাল বিজিবি ও সীমান্তের গ্রামবাসী
ছবি সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

সীমান্তের ওপারে অবস্থান

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ২৮৯/৫১এস ও ২৮৯/৫৬এস সীমানা পিলার থেকে ২০ থেকে ৩০ গজ দূরে ভারতের ভেতরে নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন।

দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সেই চেষ্টা প্রতিহত করে।

এরপর থেকে সীমান্তে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।

রাতভর পাহারায় গ্রামবাসী

স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেবেন।

একজনকেও পাঠাতে পারেনি বিএসএফ

দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান জানান, বিজিবির প্রচেষ্টায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। এ সময় গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতা করেছেন। তাদের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা লোকজন আর এগোতে পারেনি।