হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪) হত্যা মামলায় শিক্ষক মাহবুব আলম মাহীকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে মৌলভীবাজারের মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মাহী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলার এজাহার ও র্যাবের অনুসন্ধান অনুযায়ী, মাদ্রাসার আর্থিক অনিয়ম এবং ছাত্রদের দান-খয়রাতের টাকা নিয়ে প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল আমিন হাসাইন ও শিক্ষক মাহবুব আলমের বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২২ এপ্রিল রাতে জনিকে মারধরের পর বিষ পান করানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জনির ভাই ২০২৫ সালের ২৮ মে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মাহবুব আলম মাহীকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় মাহবুবকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, শনিবার সকালে মাহবুবকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাদ্রাসাছাত্র জনির মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তার পরিবার।
আরও পড়ুন:







