রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে কাছাকাছি স্থান থেকে অবিস্ফোরিত আরও একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, গাংনী বিএনপি কার্যালয়ের পাশে নেতাকর্মীরা সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর সাদা ধোঁয়া দেখা গেছে বলে দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরিত বস্তুর বিভিন্ন আলামত দেখতে পান। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। একই সময়ে গাছের ওপরে একটি এবং মাটিতে আরেকটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়।

সমাবেশ বানচালের অভিযোগ

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটাতে পারে।

এদিকে, বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এর পাশের আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিস্ফোরিত আরও একটি টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটির সঙ্গে বিস্ফোরিত বোমাসদৃশ বস্তুর মিল রয়েছে। দুটি ঘটনা একই সূত্রে গাঁথা বলে ধারণা করছে পুলিশ।

রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।